উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জামিন চেয়ে ফের আদালতের দরবারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার নিজের আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন পার্থ (Partha Chatterjee)। তাঁর জামিনের আবেদন গ্রহণ করেছেন উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ।
সুপ্রিম কোর্টে (Supreme Court) আগেই জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই আবেদনের শুনানি রয়েছে আগামী ১৭ জুলাই। এই পরিস্থিতিতে এদিন ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ আবেদন গ্রহণ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে। উচ্চ আদালতে এই মামলার শুনানি রয়েছে আগামী ১৯ মে।


উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি (ED)। তারপর থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও পরবর্তীতে তিনি ইডির মামলায় জামিন পান। কিন্তু সিবিআই-এর (CBI) মামলায় তিনি এখনও জামিন পাননি। এমতাবস্থায় তাঁর বিপদ বাড়ায় জামাই কল্যাণময় ভট্টাচার্য। ‘প্রধানসাক্ষী’ হিসেবে নিয়োগ মামলা নিয়ে আদালতে গোপন জবানবন্দিও দেন তিনি। সেখানে তিনি নাকি স্বীকার করেছিলেন, তাঁকে ব্যবহার করে পার্থ দুর্নীতি করেছেন। তিনি এসব ব্যাপার কিছু জানতেন না। জামাইয়ের এহেন বক্তব্যে আরও বিপাকে পড়েন পার্থ। এখন দেখার আগামী ১৯ মে তাঁর জামিন হয় কিনা।

