বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: পতিরাম (Patiram) থানার অন্তর্গত বাউল নলকুড়া শ্মশান সংলগ্ন এলাকায় রবিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা (road-accident)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি টোটো বাউল অভিমুখে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা গঙ্গারামপুরগামী একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটো-টির।
দুর্ঘটনায় টোটো চালক খোকন সরকার (৬৬) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষের জেরে চারচাকা গাড়িটি রাস্তা থেকে ছিটকে নীচের গর্তে পড়ে যায়। এই ঘটনায় মোট চারজন আহত হন, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি নির্বাচনী কাজে নিযুক্ত ছিল। সূত্রের খবর, গাড়িটি কুশমুন্ডি বিধানসভা এলাকার নির্বাচনী দায়িত্বে থাকা জেনারেল অবজারভার সানমুগারাজন এস.-এর ব্যবহারের জন্য নিয়োজিত ছিল। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে উপস্থিত ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় গাড়ির চালক ও এক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। গাড়িটির মালিক বালুরঘাট শহরের এক বড়মাপের তৃণমূল রাজনৈতিক ব্যক্তিত্ব বলেও খবর রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

