বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের দাপট শুরু হয় পতিরাম (Patiram) এলাকায়। প্রথমে প্রবল ঝোড়ো হাওয়া, এরপর ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়। হঠাৎ এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন স্থানীয় বাসিন্দারা।
ঝড়ের তীব্রতায় পতিরাম, পারপতিরাম, বাহিচা ও আশেপাশের বিভিন্ন এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ে রাস্তায়। ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে গ্রামীণ সড়কগুলিতে পরিস্থিতি বেশ সংকটজনক হয়ে ওঠে। পাশাপাশি শিলাবৃষ্টির ফলে বিভিন্ন ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই সময় আম চাষিদের মাথায় হাত পড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। পতিরাম থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে।


অন্যদিকে, ঝড়-বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পতিরাম সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

