উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার ভরসন্ধ্যায় কলকাতার পাটুলি (Patuli) থানা এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে তিনজনকে পিষে (Road Accident) দেওয়ার অভিযোগে গ্রেপ্তার (Arrest) করা হল দুই যুবককে। ধৃতদের নাম স্বপ্ননীল ঘোষ ও নীলাব্জ ঘোষ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় দুজনেই চরম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাঁদের গাড়িতে একটি ‘সরকারি স্টিকার’ লাগানো ছিল।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। অভিযোগ, নরেন্দ্রপুর থেকে বাইপাস ধরে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসছিলেন স্বপ্ননীল। প্রথমে বাঘাযতীন রেলগেটের সামনে এক বাইক আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। ওই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। সেখান থেকে পালানোর সময় ঘোষপাড়া এলাকায় আরও এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও চালক গতি বাড়িয়ে পালানোর ছক কষেন। কিছুটা দূরে গিয়ে আরও এক স্কুটার চালককে ধাক্কা মারলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই তৎপর হয় পাটুলি থানার পুলিশ (Police)। সিসিটিভি ফুটেজ ও ট্র্যাকিংয়ের মাধ্যমে বাইপাসের একটি জায়গা থেকে গাড়িটি আটক করা হয়। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই যুবককে। জেরায় তাঁরা দাবি করেছেন যে, তাঁরা একটি নামী সংস্থায় ম্যানেজার পদে কর্মরত। কিন্তু বেসরকারি সংস্থায় কাজ করা সত্ত্বেও গাড়িতে কীভাবে সরকারি স্টিকার এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্টিকারটি আসল না ভুয়ো, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আজ, মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হবে।

