উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজার এখন টালমাটাল। বিশ্ববাজারে যখন দামের গ্রাফ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই আজ, ১২ এপ্রিল ভারতের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দামে কী বদল এল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, বিশ্ব বাজারের সেই উত্তাপ এখনই সাধারণ ভারতীয়দের পকেটে ছ্যাঁকা দিচ্ছে না। রবিবাসরীয় সকালে ভারতের প্রধান শহরগুলোতে জ্বালানি তেলের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে (Petrol Diesel Price)।
জানা যাচ্ছে, দেশের তিন প্রধান রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা— ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন দাম পর্যালোচনা করলেও আজ কোনও বিশেষ পরিবর্তন করেনি। দেশের রাজধানী দিল্লিতে (Delhi) আজ পেট্রোল বিকোচ্ছে প্রতি লিটার ৯৪.৭৭ টাকায় এবং ডিজেল ৮৭.৬৭ টাকায়। বাণিজ্যিক নগরী মুম্বইয়ে (Mumbai) পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৯ টাকা এবং ডিজেল ৯০.০৩ টাকা। এছাড়া কলকাতায় (Kolkata) আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৯৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.০২ টাকা। এছাড়া বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো শহরগুলোতেও পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি পেরিয়ে অবস্থান করছে, যদিও ডিজেল এখনও ১০০ টাকার নীচেই রয়েছে।


২০২২ সালের মে মাসের পর থেকে ভারতে জ্বালানির দাম মূলত করের হার হ্রাসের কারণে অনেকটা স্থিতিশীল ছিল। ভারত তার চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে, ফলে বিশ্ববাজারে দাম বাড়লে বা টাকার তুলনায় ডলার শক্তিশালী হলে ঘরোয়া বাজারে প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ওএমসি-গুলি (OMCs) এখন পর্যন্ত খুচরা মূল্যে কোনো কাটছাঁট বা বৃদ্ধি করেনি। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আগামী দিনগুলোতে এই স্থিতাবস্থা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। আপাতত আজ সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপের কোনও খবর নেই।

