উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুঠাম শরীর আর মেদহীন পেট পেতে ইদানিং তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের ব্যায়াম হল প্ল্যাঙ্ক (Plank Exercise)। পেটের পেশি শক্তিশালী করতে এর বিকল্প মেলা ভার। তবে ভুঁড়ি কমাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাঙ্ক করলেই কি কাজ হয়? নাকি এর অন্য কোনও নিয়ম আছে? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় করার চেয়ে সঠিক পদ্ধতি মেনে চলাই আসল।
কতক্ষণ করবেন এই ব্যায়াম?
প্ল্যাঙ্ক করার সময়সীমা সম্পূর্ণ নির্ভর করে আপনার শরীরের সহ্যক্ষমতা ও অভ্যাসের ওপর।
নতুনদের জন্য: যারা আজই শুরু করছেন, তাঁরা ১০ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন। এভাবে অন্তত ৩ বার রিপিট করুন।
মাঝারি স্তরে: যারা নিয়মিত ব্যায়ামে অভ্যস্ত, তাঁরা ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত করতে পারেন।
পারদর্শীদের জন্য: ১ থেকে ২ মিনিট পর্যন্ত করার লক্ষ্য স্থির করুন। মনে রাখবেন, ২ মিনিটের বেশি প্ল্যাঙ্ক করার বিশেষ প্রয়োজন হয় না; বরং সঠিক ভঙ্গি (Posture) বজায় রাখাই সবচেয়ে জরুরি।
প্ল্যাঙ্কের জাদুকরী উপকারিতা
১. মেরুদণ্ডের চারপাশের পেশি শক্তিশালী হওয়ায় দীর্ঘদিনের পিঠ বা কোমরের যন্ত্রণায় আরাম মেলে।
২. এটি পেটের গভীর স্তরের পেশিকে শক্ত করে মেদ ঝরাতে সাহায্য করে।
৩. শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় বাড়ে, ফলে শরীরের ভারসাম্য আরও উন্নত হয়।
৪. নিয়মিত অভ্যাসে কুঁজোভাব দূর হয় এবং সোজা হয়ে বসা বা দাঁড়ানোর অভ্যাস তৈরি হয়।
৫. অন্যান্য সাধারণ পেটের ব্যায়ামের চেয়ে প্ল্যাঙ্কে বেশি ক্যালোরি খরচ হয়, যা মেটাবলিজম বাড়িয়ে ওজন দ্রুত কমায়।
ভুল ভঙ্গিতে বেশিক্ষণ প্ল্যাঙ্ক করলে হিতে বিপরীত হতে পারে। তাই সময়ের চেয়ে নিখুঁত কৌশলের দিকে নজর দিন। প্রতিদিনের রুটিনে মাত্র কয়েক মিনিটের এই ব্যায়ামই আপনাকে দিতে পারে ঈর্ষণীয় ফিগার।

