উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। এবার তা নিয়ে আক্ষেপ প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণে দেশের মা-বোনেদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ার জন্য সরাসরি বিরোধী দলগুলির (Opposition) ‘সংকীর্ণ রাজনীতি’কে দায়ী করেছেন তিনি।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সাড়ে ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি বলেন, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হল না। তার জন্য আমি মা-বোনেদের কাছে ক্ষমাপ্রার্থী।’ এরপরই এই বিল পাশ না হওয়ায় কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো বিরোধী দলগুলিকে তোপ দাগেন মোদি। তিনি বলেন, ‘বিল পাশ না হওয়ার পর কংগ্রেস, ডিএমকে, তৃণমূল এবং সমাজবাদী পার্টির নেতারা মহিলাদের অধিকার কেড়ে নিয়ে হাততালি দিচ্ছিলেন এই বিল ছিল নারীর আত্মসম্মানের প্রশ্ন। নারীরা সব ভুলতে পারেন, নিজেদের অপমান ভুলতে পারেন না।’ এই বিলের বিরোধিতা করে বিরোধী দলগুলি ‘পাপ’ করেছে বলে আক্রমণ শানান তিনি।


শুধু তাই নয়, মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে না পারার সঙ্গে ভ্রূণহত্যার (Foeticide) তুলনা টানেন মোদি। তাঁর মতে, এই বিল পাশ করাতে না দিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল। মোদি বলেন, ‘সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো দলগুলি।’
কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম কংগ্রেস নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে। সেই সুযোগ হাতছাড়া করল কংগ্রেস। পরজীবীর মতো আঞ্চলিক দলের উপর ভরসায় নিজেদের বাঁচিয়ে রেখেছে। বিরোধী দলগুলি এতবছর ধরে একই বাহানা দিয়ে চলেছে। মহিলাদের অধিকারে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। বিরোধীদের এই রাজনৈতিক কৌশল দেশের জনগণ বুঝতে পেরে গিয়েছেন।’ বিরোধী দলগুলিকে এদিন পরিবারতান্ত্রিক দল বলেও তোপ দাগলেন মোদি।

