উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি (West Asia situation) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি সাফ জানান, ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। সংঘাত নয়, বরং আলোচনা ও কূটনীতির মাধ্যমেই যে কোনও সমস্যার সমাধান হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত সর্বদা আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্ত বিরোধের সমাধানকে সমর্থন করে।’ তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য ওই অঞ্চলের দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। মোদির কথায়, ‘আমরা এই অঞ্চলের সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী গতকালই ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’-র (CCS) জরুরি বৈঠক করেন। এরপর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে।
গত শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের ওপর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হয়েছেন বলে খবর (Ayatollah Khamenei Death)। এছাড়াও ইরানের ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত ও যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চারবার হস্তক্ষেপ করার অভিযোগে খামেনেইর রেকর্ড ভারতের কাছে সন্তোষজনক ছিল না।
খামেনেইর মৃত্যুর পর ইরান পালটা আক্রমণ শুরু করেছে। কুয়েত ও বাহরিনের সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলার পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আমেরিকা ও ব্রিটেনের তিনটি তেলের ট্যাঙ্কারে আঘাত হেনেছে তেহরান। এই পালটাপালটি হামলায় বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হয়েছে। ভারত এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে গঠনমূলক আলোচনার ওপর জোর দিচ্ছে।

