উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে রাজনীতির লড়াই কেবল ময়দানে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। আর সেই ডিজিটাল লড়াইয়ে ফের একবার বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi YouTube World Record)। গত ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ১০ কোটি ফলোয়ারের মাইলফলক ছোঁয়ার পর এবার ইউটিউবেও ইতিহাস গড়লেন তিনি। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়াল ৩ কোটির গণ্ডি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) এই সাফল্য কেবল ভারতেই নয়, বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। ডিজিটাল এই প্ল্যাটফর্মে মোদির ধারেকাছেও নেই অন্য কোনো বিশ্বনেতা। তাঁর ঠিক পরেই রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারো, তবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা মোদির তুলনায় এক-চতুর্থাংশ। মোদির ইউটিউব চ্যানেলটি এখন বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড রাজনৈতিক চ্যানেল হিসেবে স্বীকৃত। জাতীয় স্তরেও ভারতের অন্য কোনো রাজনীতিক তাঁর ধারেকাছে পৌঁছাতে পারেননি। ভারতে সাবস্ক্রাইবারের নিরিখে তাঁর পরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।
প্রধানমন্ত্রীর এই আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল ইউটিউবেই সীমাবদ্ধ নয়। ইনস্টাগ্রামের পরিসংখ্যানও সমান চমকপ্রদ। মোদির ১০ কোটি অনুগামীর বিপরীতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর ফলোয়ার ১ কোটি ৫০ লক্ষ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য ডি’সিলভার ১ কোটি ৪৪ লক্ষ। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই-ও জনপ্রিয়তার এই দৌড়ে মোদির থেকে অনেক পিছিয়ে। জাতীয় স্তরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১ কোটি ৬১ লক্ষ) এবং রাহুল গান্ধি (১ কোটি ২৬ লক্ষ) মোদির পর থাকলেও ব্যবধান কয়েক কোটি।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদি ডিজিটাল মাধ্যমকে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। গত এক দশকে তাঁর এই অনলাইন উপস্থিতি তাঁকে কেবল একজন রাষ্ট্রনেতা হিসেবে নয়, বরং একজন গ্লোবাল ডিজিটাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বিপুল সাবস্ক্রাইবার সংখ্যা প্রমাণ করে যে দেশের যুবসমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা কতটা গভীর। ইউটিউবে ৩ কোটি সাবস্ক্রাইবার ছোঁয়ার এই রেকর্ড ডিজিটাল ইন্ডিয়ার পথে মোদির ব্যক্তিগত জনপ্রিয়তার এক অনন্য দলিল হয়ে রইল।

