উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) আগে আসানসোলের (Asansol) পোলো গ্রাউন্ডের জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে ঘটে যাওয়া আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে এনে মোদি দাবি করেন, বর্তমানে বাংলায় মহিলারা আর সুরক্ষিত নন। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করছে এবং একমাত্র বিজেপিই পারে বাংলার মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে।
নিরাপত্তা ও দুর্নীতির অভিযোগ:
এদিন প্রধানমন্ত্রী বলেন, “আরজি কর থেকে সন্দেশখালি—বাংলার পরিস্থিতি আজ কী হয়ে দাঁড়িয়েছে দেখুন। অপরাধীরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে আর সরকার তাদের মদত দিচ্ছে।” তিনি আরও জানান যে, আসানসোল শিল্পাঞ্চল আজ কয়লা, বালি ও মাটি মাফিয়াদের কবলে। তৃণমূলের আমলে এই সিন্ডিকেট রাজ মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। মোদির হুঙ্কার, “উন্নয়নের জন্য তৃণমূলমুক্ত বাংলা এখন অনিবার্য হয়ে পড়েছে।”
বাম আমলের তুলনা ও পরিবর্তনের ডাক:
তৃণমূলকে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সিপিএম-ও একসময় ভয় ও আতঙ্ককে হাতিয়ার করেছিল। বাংলার মানুষ সেই ভয় কাটিয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এবার তৃণমূলের ভয়ের রাজত্বের অবসান ঘটানোর পালা।” তিনি মনে করিয়ে দেন, ২০১১ সালে মানুষ পরিবর্তনের আশায় তৃণমূলকে ভরসা করেছিল, কিন্তু বিনিময়ে জুটেছে কেবল অর্থনৈতিক অধঃপতন। মোদির কথায়, আগে দেশের ১০০ টাকা উপার্জনের মধ্যে বাংলার অংশ ছিল ১২ টাকা, যা আজ কমে দাঁড়িয়েছে মাত্র ৫ টাকায়।
৪ মে-র লক্ষ্যমাত্রা:
বিজেপির ‘ট্র্যাক রেকর্ড’ তুলে ধরে মোদি আসানসোলবাসীকে আশ্বস্ত করেন যে, বাংলা বিকাশের ক্ষমতা একমাত্র তাঁদের দলেরই রয়েছে। চারপাশের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দাবি করে তিনি বলেন, “আগামী ৪ মে-র পর বাংলায় এক নতুন যুগের সূচনা হবে। তৃণমূলমুক্ত বাংলা গড়ার মাধ্যমেই রাজ্যে প্রকৃত উন্নয়ন এবং মহিলাদের নিরাপত্তা ফিরে আসবে।”

