উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহে ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার তাঁর গন্তব্য– জর্ডন (Jordan), ইথিওপিয়া (Ethiopia) এবং ওমান (Oman)।
জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর এই তিন জায়গায় ঘুরবেন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি যাচ্ছেন মরুদেশ জর্ডনে। এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ। জর্ডনের ‘রাজা’ আবদুল্লা ২ বিন আল হুসেনের সঙ্গে মোদি একান্ত বৈঠকে বসবেন বলেও সূত্রের খবর। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে।
এরপর হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাচ্ছেন মোদি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ১৬ ডিসেম্বর সেখানে যাবেন তিনি। দু’দেশের প্রধানমন্ত্রীর বিশ্বের নানা ইস্যু নিয়ে বৈঠকের কথা রয়েছে। এটি হবে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ায় মোদির প্রথম সফর। সবশেষে ১৭ ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। তিন দেশে সফর সেরে ১৮ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।

