উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই পয়লা বৈশাখ। নতুন বছর বরণ করে নিতে বাঙালির প্রস্তুতি তুঙ্গে। আর উৎসবের দিনে পাতে মাছ থাকবে না, তা কি হয়? তবে এবার চেনা মাছের ঝোল বা কালিয়া নয়, নতুন বছরে অতিথিদের চমকে দিতে ভোজের আয়োজনে রাখতে পারেন একেবারে অন্যরকম এক পদ— ‘মাছের খোয়া পোলাও’। বাসমতী চাল, কাতলা মাছ আর খোয়া ক্ষীরের মেলবন্ধনে এই রাজকীয় পদটি বানানোও বেশ সহজ।
উপকরণ:
-
৩০০ গ্রাম বাসমতী চাল
-
৬ টুকরো কাতলা মাছ
-
১ টেবিল চামচ আদাবাটা ও কাঁচালঙ্কাবাটা
-
৩-৪ টেবিল চামচ গুঁড়ো খোয়া ক্ষীর
-
১ চা চামচ হলুদগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো
-
১০ গ্রাম করে কাজু, কিশমিশ ও কাঠবাদাম
-
৩-৪টি তেজপাতা ও ১ চা চামচ শাহজিরে
-
গুঁড়ো মশলা (বড় এলাচ, জয়িত্রি ও জায়ফল)
-
২ টেবিল চামচ লেবুর রস
-
স্বাদমতো নুন, চিনি ও ৪-৫ টেবিল চামচ ঘি
-
কেশর ভেজানো দুধ ও বেরেস্তা (ভাজা পেঁয়াজ)
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাছের টুকরোগুলো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো ও লেবুর রস মাখিয়ে ঘিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। ২. এবার আগে থেকে ধুয়ে রাখা চালে আদাবাটা, কাঁচালঙ্কাবাটা, এলাচ গুঁড়ো, জায়ফল-জয়িত্রি গুঁড়ো, কেশর দুধ, কাজু-কিশমিশ এবং খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মেখে নিন। ৩. কড়াইয়ে মাছ ভাজার অবশিষ্ট ঘিয়েই তেজপাতা ও শাহজিরে ফোড়ন দিন। এবার মেখে রাখা চাল দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিন। ৪. ভাজা চালে পরিমাণমতো নুন, চিনি এবং চালের দ্বিগুণ পরিমাণ গরম জল দিন। এবার ঢাকা দিয়ে হতে দিন। ৫. চাল আধসেদ্ধ হয়ে এলে ভাজা মাছগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিন। এরপর পুনরায় ঢেকে অল্প আঁচে রান্না করুন। ৬. চাল পুরোপুরি সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে এলে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আপনার ‘মাছের খোয়া পোলাও’।



