বারাবনি ও আসানসোল: আসানসোলের (Asansol) বারাবনির পুচড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রাম থেকে শরীফ মীর নামে বছর ৩৩ বয়সের যুবককে সোমবার রাতে বারাবনি থানার পুলিশ (Police) গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় আসানসোল জেলা আদালতে। এজলাসে সওয়াল-জবাব শেষে বিচারক তার জামিন নাকচ করে সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ২১ মে তাকে আবারও আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে, বিচারক এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে ২১ মে সিডি বা কেস ডায়েরি আদালতে (Court) পেশ করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক দিন কয়েকদিন আগে নিজের মোবাইল ফোন থেকে ফেসবুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখেন। এখানেই শেষ নয়, এরপর ভারতের জাতীয় পতাকাকে নিয়েও ফেসবুকে (Facebook) এমন একটি পোষ্ট করেন, যা জাতীয় পতাকাকে রীতিমতো অপমান করা হয়েছে। এরপরই বারাবনি থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত করতে নেমে বারাবনি থানার পুলিশ তাকে সোমবার গ্রেপ্তার করে। ধৃত যুবক পেশায় জামুরিয়ার একটি বেসরকারি আয়রন স্পঞ্জ আয়রন কারখানার ড্রাইভার হিসেবে কাজ করেন। তার যে মোবাইল ফোন থেকে এই পোষ্ট বিভিন্ন জায়গা ভাইরাল করা হয়েছে, সেই মোবাইলটি ফোনটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে।



এই প্রসঙ্গে, ধৃত যুবকের আইনজীবী শেখ মৈইদ্দিন বলেন, তার বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। এদিন তাকে আদালতে পেশ করা হয়েছিল। সওয়াল-জবাব শেষে বিচারক তার জামিন নাকচ করে সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আইনজীবির দাবি, যুবক ইচ্ছাকৃতভাবে তা করেনি। হতে পারে, তার মোবাইল ফোন থেকে কেউ করেছে। পুলিশ তা তদন্ত করে দেখছে। এই বিষয়ে পুলিশের এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

