চোপড়া: রাজনীতির ময়দানে লড়াই সেয়ানে সেয়ানে, কিন্তু উৎসবের আমেজ তো মিষ্টি ছাড়া অসম্পূর্ণ! আগামীকাল সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল। তার ঠিক আগেই উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কালাগছ এলাকায় এক অভিনব দৃশ্য ধরা পড়ল। এলাকার জনপ্রিয় মিষ্টির দোকান ‘মিষ্টি মুখ’-এর শোকেসে এখন উপচে পড়ছে রাজনৈতিক দলের প্রতীক আঁকা বিশেষ সন্দেশ (Chopra Election Special Sweets)।
দোকানের শোকেসে থরে থরে সাজানো রয়েছে ঘাসফুল, পদ্মফুল, কাস্তে-হাতুড়ি এবং হাত চিহ্নের নকশা করা সুস্বাদু সন্দেশ। ভোট গণনার চূড়ান্ত মুহূর্তের উত্তেজনার মাঝেও এই মিষ্টিগুলি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।


দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান, গত লোকসভা নির্বাচনেও তিনি দুটি দলের প্রতীক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ভালো সাফল্য পেয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনের গুরুত্ব বুঝে চারটি প্রধান দলের প্রতীকেই সন্দেশ তৈরি করেছেন। তাঁর কথায়, “ভোটের ময়দানে মতভেদ থাকতেই পারে, কিন্তু মিষ্টির স্বাদ সবার জন্য এক। আমাদের দোকানে সব দলের কর্মীরাই আসেন। এই মিষ্টির মাধ্যমে আমরা সবার মধ্যে একটি সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিতে চাইছি।”
চোপড়ার মতো গ্রামীণ এলাকায় এই অভিনব মিষ্টি দেখতে এখন ভিড় উপচে পড়ছে। অনেকে পছন্দের দলের প্রতীকের সন্দেশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার অনেকে আগাম জয়ের আশায় কয়েক কিলো মিষ্টির অর্ডারও দিয়ে রাখছেন। রাজনৈতিক উত্তাপের মাঝে চোপড়ার এই মিষ্টি উদ্যোগ যেন সম্প্রীতির এক নতুন স্বাদ যোগ করেছে।

