উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর বিজয়ী তথা পাহাড়ের প্রিয় গায়ক প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগত (Prashant Tamang Death)। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা। রবিবার তাঁর মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। তবে সমস্ত জল্পনায় ইতি টেনে প্রশান্তের স্ত্রী মার্থা আলে (Martha Aley) জানিয়েছেন, এটি একটি ‘স্বাভাবিক মৃত্যু’ এবং ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মার্থা বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আমি সারা বিশ্ব থেকে ফোন পেয়েছি। পরিচিত-অপরিচিত সব মানুষ আমাকে সমবেদনা জানিয়েছেন। মানুষ আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। অনেকে হাসপাতালে এসেছেন শেষবারের মতো ওঁকে দেখতে।’ প্রশান্তের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশান্ত এক মহৎ প্রাণ ছিলেন। আপনারা তাঁকে যেভাবে ভালোবেসে এসেছেন, আগামীদিনেও সেভাবেই মনে রাখবেন বলে আমার বিশ্বাস।’
এরপরই মাত্র ৪৩ বছর বয়সে প্রশান্তের আকস্মিক মৃত্যু নিয়ে জল্পনা প্রসঙ্গে মার্থা বলেন, ‘তিনি যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমি সেই সময় তাঁর পাশেই ছিলাম। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।’
উল্লেখ্য, কলকাতা পুলিশে কর্মরত থাকাকালীনই ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে জয়যাত্রা শুরু হয় দার্জিলিংয়ের ভূমিপুত্র প্রশান্ত তামাংয়ের। গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয় জগতেও নিজের ছাপ রেখেছিলেন। ‘গোর্খা পল্টন’, ‘নিশানি’-র মতো নেপালি ছবির পাশাপাশি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘পাতাল লোক ২’-তে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। এমনকি সালমান খানের আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এও কাজ করেছেন তিনি। কিন্তু নিজের চোখে সেই কাজ আর তাঁর দেখা হল না।

