উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মতলার ধর্নামঞ্চে শনিবার এক অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূলের (TMC) নবীন সদস্য প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। সম্প্রতিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন এই যুবনেতা। আজ মমতার ধর্নামঞ্চে দাঁড়িয়ে তাঁর প্রথম ভাষণেই নজর কাড়লেন তিনি। প্রতীকের সংক্ষিপ্ত অথচ ঝাঁজালো বক্তব্য শুনে খুশি খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। বক্তব্য শেষ হতেই তাঁকে মমতা বলেন, ‘ভালো বলেছ, এবার একটু জল খেয়ে নাও।’
এদিন বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতীক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘বাংলার মাটিতে দিদি একটা ব্র্যান্ড। মানুষ তাঁর ওপর চোখ বন্ধ করে ভরসা করে।’
নির্বাচন কমিশন ও বিজেপিকেও এদিন তীব্র আক্রমণ শানান প্রতীক উর। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন ২০২৬-এর নির্বাচনে বাংলার মানুষ পদ্মফুলকে ভ্যানিশ করে দেবে। দেশভাগের ইতিহাস টেনে তিনি স্পষ্ট জানান, ভারতীয় মুসলিমরা এই দেশকেই নিজের বলে মনে করে, তাই এনআরসি বা সিএএ-র প্রেক্ষিতে কোনও ‘কাগজ’ দেখানোর প্রয়োজন নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকেই বকেয়া পাওনার দাবিতে ধর্মতলায় প্রতিবাদ জারি রেখেছেন। সেই মঞ্চে প্রতীকের মতো তরুণ তুর্কির উপস্থিতি এবং আক্রমণাত্মক মেজাজ আগামী নির্বাচনের আগে তৃণমূলের বাড়তি অক্সিজেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিজের ভাষণে প্রতীক যেভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা তুলে ধরলেন, তাতে দলের শীর্ষ নেতৃত্ব যে বেশ সন্তুষ্ট, তা মমতার প্রতিক্রিয়াই স্পষ্ট করে দিয়েছে।

