উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর (Golden Globe Awards 2026) রেড কার্পেটে ফের একবার নিজের গ্ল্যামারের জাদু ছড়ালেন প্রিয়াংকা চোপড়া (Priyanka Chopra)। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে আয়োজিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল মেটালিক গাউনে ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস (Nick Jonas), যাঁর ক্ল্যাসিক ব্ল্যাক স্ট্রাইপড টাক্সেডো প্রিয়াংকা লুকের সঙ্গে এক কথায় ছিল নিখুঁত।
গত ১১ জানুয়ারি (ভারতীয় সময় অনুযায়ী ১২ই জানুয়ারি) ছিল অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের জন্য প্রিয়াংকার পরনে ছিল জোনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা কাস্টম নীল ডিওর গাউন। সিল্কের ফিটেড বডিস এবং ম্যাট স্কার্টের মেলবন্ধনে তৈরি এই পোশাকের বিশেষ আকর্ষণ ছিল কোমরের কাছে থাকা সূক্ষ্ম বো ডিটেইলিং। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন নিজের পছন্দের ব্র্যান্ড বুলগারির হিরের নেকলেস, যাতে ছিল নীল রঙের আভিজাত্য। ছিমছাম মেকআপ আর খোলা চুলের ঢেউয়ে প্রিয়াংকা যখন রেড কার্পেটে পা রাখেন, তখন ক্যামেরার সমস্ত ফ্ল্যাশ ছিল তাঁরই দিকে।
এবারের অনুষ্ঠানে অন্যতম সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা। তাঁর পাশাপাশি জুলিয়া রবার্টস, মাইলি সাইরাস, স্নুপ ডগ এবং পামেলা অ্যান্ডারসনের মতো বিশ্বখ্যাত তারকারা উপস্থিত ছিলেন সেখানে। সেলেনা গোমেজ এবং ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসার উপস্থিতিও অনুষ্ঠানটিকে আরও বর্ণময় করে তুলেছিল।
তবে শুধুমাত্র রেড কার্পেট নয়, কাজের জগতেও দারুণ ছন্দে রয়েছেন প্রিয়াংকা। আগামী ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর অ্যাকশন থ্রিলার ছবি ‘দ্য ব্লাফ’। এছাড়া এসএস রাজামৌলির বিগ বাজেট ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতেও দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় নিজের জায়গা ফের একবার মজবুত করলেন ভারতের এই কন্যা।

