উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড (Bollywood) থেকে হলিউড (Hollywood)—তাঁদের রসায়ন সবসময়ই চর্চার কেন্দ্রে। প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসকে বিনোদন দুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে গণ্য করা হয়। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দানা বেঁধেছিল জমাট রহস্য। নেটিজেনদের একাংশ দাবি করছিলেন, ‘দেশি গার্ল’ ও মার্কিন পপ তারকার মাঝে তৈরি হয়েছে দুর্ভেদ্য দেওয়াল। অবশেষে সমস্ত জল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে মুখ খুললেন প্রিয়াংকা (Priyanka-Nick Divorce Clarification)।
সম্প্রতি অস্কারের মঞ্চে এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা গেলেও বিচ্ছেদের গুঞ্জন থামেনি। জল্পনা এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁদের দীর্ঘ আট বছরের সম্পর্কে ফাটল ধরার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বর্তমানে এসএস রাজামৌলীর পরবর্তী মেগা প্রজেক্ট ‘বারাণসী’-র শুটিংয়ে দক্ষিণ ভারতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানেই এক সাক্ষাৎকারে এই বিষয়ে সপাটে জবাব দিয়েছেন তিনি। প্রিয়াংকা স্পষ্ট জানান, নিকের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁরা দুজনে দিব্যি আছেন।


পালটা প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, “নিক এবং আমি খুব সুন্দরভাবে জীবনটা উপভোগ করছি। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে! মানুষ কি সত্যিই চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন বারবার এমন ভুয়ো খবর ছড়ানো হয়, আমি বুঝতে পারি না।” প্রিয়াংকা মনে করেন, তাঁদের ভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং বয়সের ব্যবধানই হয়তো এক শ্রেণির মানুষের কাছে এই ধরনের নেতিবাচক আলোচনার রসদ জোগায়। কিন্তু বাস্তবের চিত্রটা একেবারেই ভিন্ন।
নিকের সঙ্গে তাঁর বোঝাপড়া কতটা গভীর, তা মনে করিয়ে দিয়ে প্রিয়াংকা বলেন, “ছয় মাস একে অপরকে চেনার পরেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ওকে দেখার পরেই বুঝেছিলাম ও-ই আমার জন্য সঠিক মানুষ। গত আট বছর ধরে আমরা অত্যন্ত সুখে আছি।” বর্তমানে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন—দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখে চলছেন এই তারকা দম্পতি। প্রিয়াংকার এই বয়ান আপাতত তাঁদের বিচ্ছেদ নিয়ে চলা সমস্ত ‘কফি টেবিল গসিপ’-এ জল ঢেলে দিল।

