উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেলেবপাড়ায় খুশির হাওয়া। বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের দেখানো পথেই এবার দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা করলেন টলিউড ও হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। বৃহস্পতিবার এক অভিনব ভিডিওর মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগ শেয়ার করেছেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, হাতে ‘প্রেগন্যান্সি কিট’ নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী (Puja Banerjee Pregnant)। চোখেমুখে মা হওয়ার অনাবিল আনন্দ আর গ্ল্যামার স্পষ্ট। ভিডিওতে পূজার সঙ্গে ছিলেন তাঁর স্বামী, অভিনেতা কুণাল ভার্মা (Kunal Verma)। দুজনেই জানান, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২০ সালে করোনাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। ওই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ-এর জন্ম হয়। এবার বড় দাদা হিসেবে প্রোমোশন হতে চলেছে খুদে কৃষিভের।


পূজার এই সুখবর তাঁর অনুরাগী ও বন্ধুদের মধ্যে উচ্ছ্বাস জাগিয়েছে। অথচ গত বছরটি পূজার জন্য বেশ কঠিন ছিল। ২০২৫ সালে প্রযোজক শ্যামসুন্দর দে’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন তিনি। সেই সময় পূজা ও কুণাল আক্ষেপ করে জানিয়েছিলেন যে, প্রতারিত হয়ে তাঁরা প্রায় ‘নিঃস্ব’ হয়ে পড়েছেন। তবে সেই তিক্ত অতীত আর আইনি লড়াই সরিয়ে রেখে এখন নতুন অতিথিকে স্বাগত জানাতে মগ্ন এই তারকাদম্পতি।
মুম্বইয়ের আস্তানায় পূজা ও কুণাল কীভাবে দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরিবার তাঁদের কীভাবে আগলে রাখছে— সেই সব মুহূর্তই ভ্লগে তুলে ধরেছেন তাঁরা। কলকাতার মেয়ে পূজা টলিউডের পাশাপাশি বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমাতেও অত্যন্ত পরিচিত নাম। তাঁর এই বিশেষ দিনে টলি-বলি দুই ইন্ডাস্ট্রির তারকারাই তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

