উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের জলন্ধর ও অমৃতসরে বিএসএফ (BSF) ক্যাম্পের কাছে ঘটে যাওয়া জোড়া বিস্ফোরণ (Punjab Twin Blasts) ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) দাবি, এই ঘটনায় সরাসরি হাত রয়েছে বিজেপির (BJP)। অন্যদিকে, পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) গৌরব যাদব একে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ছক বলে দাবি করেছেন। প্রশাসনের শীর্ষস্তরের এই দুই বিপরীতমুখী বয়ানে দানা বাঁধছে নতুন বিতর্ক।
মঙ্গলবার প্রথম বিস্ফোরণটি ঘটে জলন্ধরের বিএসএফ সদর দপ্তরের কাছে একটি জনবহুল এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পার্ক করে রাখা একটি স্কুটারে হঠাৎ আগুন ধরে যায় এবং তীব্র বিস্ফোরণ ঘটে। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই অমৃতসরের খাসা এলাকায় সেনাশিবির ও বিএসএফ ইন্সটলেশনের কাছে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চলন্ত বাইক থেকে গ্রেনেড ছোঁড়া হয়েছিল। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও গোটা রাজ্যে উচ্চ সতর্কতা (High Alert) জারি করা হয়েছে।


মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে বলেন, ‘বিজেপি যেখানেই ভোট লড়তে চায়, সেখানেই এই ধরনের ঘটনা ঘটে।’ বিজেপির একটি সাম্প্রতিক টুইট উদ্ধৃত করে তিনি একে ‘নোংরা রাজনীতি’ বলে কটাক্ষ করেন। পালটা জবাবে বিজেপি নেতৃত্ব মানের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে। কংগ্রেসও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘অপেশাদার রাজনীতি’ বলে সমালোচনা করেছে।
উলটোদিকে, ডিজিপি গৌরব যাদব জানান, বিস্ফোরণে আইইডি (IED) ব্যবহার করা হয়েছে এবং এর নেপথ্যে পাকিস্তান ও আইএসআই-এর মদতপুষ্ট খালিস্তানি লিবারেশন আর্মি (KLA)-র হাত থাকার সম্ভাবনা প্রবল। পঞ্জাবের শান্তি বিঘ্নিত করার জন্য সীমান্ত পারের শক্তির এটি একটি পরিকল্পিত চেষ্টা বলে তিনি মনে করেন।
ঘটনার পর থেকে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল ষড়যন্ত্রকারীদের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান ও পুলিশ প্রধানের ভিন্ন মত পঞ্জাবের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল।

