বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: বেআইনি নেশার সামগ্রী বিক্রির প্রতিবাদকে (Illegal Drug Trade Protest) কেন্দ্র করে এক যুবক ও তার কাকার ওপর লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বিশাহার এলাকায়। ঘটনার দরুন রায়গঞ্জ থানায় (Raiganj Police) অভিযোগ দায়ের করেন নিগৃহীতরা।
অভিযোগকারী জহরুল হক জানান, তার ভাইপো নাজিমুদ্দিন স্থানীয়ভাবে বেআইনি নেশা দ্রব্য বিক্রির প্রতিবাদ করায় কিছু দুষ্কৃতী তাকে মারধর করে। খবর পেয়ে জহরুল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা রড, লাঠি নিয়ে তার ওপরও চড়াও হয়। হামলায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তারা রায়গঞ্জ থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। এরপরেই জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকার সাত জন দুষ্কৃতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।



