বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: বধূ নির্যাতনের অভিযোগে এক স্কুল শিক্ষককে (teacher) গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাগ্নিক রায় (২৮)। তাঁর বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৮৫/১১৫(২)/১০৯ (১) ধারায় মামলা রুজু করেছেন মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল নববধূকে মারধর করে বাড়িছাড়া করে (domestic-violence) রায়গঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক সাগ্নিক। এই ঘটনায় গতকাল রাতে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা স্মৃতা সাহা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ।


শুক্রবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী দিপ্তেশ ঘোষ বলেন, “ধৃতের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারক ধৃতকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।”

