উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটগণনার (Election Results 2024) দিন রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস (Bengal Weather)। উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির (Bengal Rain) পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পরের তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত উত্তরের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা নেই। ওইদিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে গরম থাকবে খুব বেশি। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে বেশি। রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রোজই হালকা বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।

