উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেজায় সমস্যায় পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। হ্যাক হয়ে গেল তাঁর ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট। মঙ্গলবার দুপুর থেকে পাল্টে গেল বিধায়কের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। পাল্টে গেল অ্যাকাউন্টের নাম। বদলে গেল ছবি। একটি নয় একসঙ্গে তিনটি প্রোফাইল হ্যাক করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই পুলিশে (Police) অভিযোগ দায়ের করেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত পরিচালক।
আরজি করের ঘটনা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ চক্রবর্তীকে। এরপর তাঁর ড্রিম প্রোজেক্ট ‘বাবলি’ও সেভাবে ব্যবসা করেনি। আর এবার হ্যাক হল একসঙ্গে ৩ টি ফেসবুক অ্যাকাউন্ট। যে তিনটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার মধ্যে একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল। অন্যটি তাঁর ব্যক্তিগত পেজ আর অপরটি তাঁর প্রযোজনা সংস্থার পেজ।
এই ঘটনা প্রসঙ্গে রাজ বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ব্যাপার আমি ভালো করে বুঝি না। আমার টিম সবটা দেখে। আজ সকাল থেকে পেজের নাম বদলে যায়। সকলের কাছে নোটিফিকেশন পৌঁছনোর পর অন্যদের ফোন পেয়ে বিষয়টি জানতে পারি। এরপর পুলিশের কাছে সবটা জানান হয়।’

