উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নানা ধরনের ডাল দিয়ে তৈরি অতি মুচমুচে একটি জলখাবার হল রাজস্থানের কলমি বড়া। কোনও সময় বিকেলের জলখাবারে মুখরোচক কিছু খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন এই পদ (Recipe)। রইল রেসিপি…
উপকরণ:


১ কাপ ছোলার ডাল
১/৩ কাপ বিউলির ডাল
১/৩ কাপ সবুজ মুগ ডাল
১/৩ কাপ অড়হর ডাল
১/২ চা চামচ হিং
১ চা চামচ লংকার গুঁড়ো
১/২ চা চামচ বেকিং সোডা
২ চা চামচ জোয়ান
কাঁচা লংকা কুচি
নুন
ভাজার জন্য তেল
প্রণালী:
প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তাপরে ভিজিয়ে রাখা ডাল মিক্সিতে দিয়ে জল ছাড়া বেটে নিন। বাটা মিশ্রণ সামান্য দানাদানা থাকবে।
বেটে নেওয়া ডালের সঙ্গে হিং, লংকার গুঁড়ো, বেকিং সোডা, জোয়ান, কাঁচা লংকা কুচি, স্বাদমতো নুন দিয়ে মাখিয়ে নিন। এরপরে হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল গড়ে সামান্য চাপ দিয়ে ছোট ছোট টিক্কির মতো তৈরি করুন। এক একটি টিক্কি ৩ গাঁট মতো চওড়া হবে।
এবার কড়াইয়ে তেল গরম করে টিক্কিগুলো দিয়ে দিন। কিছুক্ষণ আঁচ কমিয়ে সাবধানে ভাজুন। খেয়াল রাখবেন বড়াগুলি বাদামি হওয়ার আগেই তেল থেকে তুলে নিতে হবে।
এবার অর্ধেক ভেজে নেওয়া বড়া গুলো আধাআধি কেটে নিন। তারপরে আরও একবার ভাজুন। শেষে সবুজ চাটনি দিয়ে পরিবেশন করুন।

