উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ১৯ দিন আগে রাশিয়া’র উফা শহর (Ufa city) থেকে নিখোঁজ হয়ে যাওয়া ২২ বছর বয়সী এক ভারতীয় মেডিকেল ছাত্রের দেহ বৃহস্পতিবার একটি বাঁধ থেকে উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্র অজিত সিং চৌধুরী রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। তাঁর পরিবার এই ঘটনাকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
অজিত সিং চৌধুরী রাজস্থানের লক্ষ্মণগড়ের কাপহানওয়াড়া গ্রামের বাসিন্দা। গত ২০২৩ সালে তিনি বাশকির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে (Bashkir State Medical University) এমবিবিএস কোর্সে ভর্তি হন। গত ১৯ অক্টোবর তিনি উফা শহর থেকে নিখোঁজ হন। সূত্রের খবর, সেদিন সকাল ১১টা নাগাদ দুধ কেনার কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছিলেন অজিত, কিন্তু আর ফিরে আসেননি। জানা গিয়েছে, হোয়াইট নদী সংলগ্ন একটি বাঁধ থেকে চৌধুরীর দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৯ দিন আগে নদীর ধারে তাঁর জামাকাপড়, মোবাইল ফোন এবং জুতো পাওয়া গিয়েছিল বলেও জানা যায়। যদিও এই প্রসঙ্গে রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনও বিবৃতি পাওয়া যায়নি, তবে তাঁরা বৃহস্পতিবার অজিতের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আলওয়ার। এক্স (পূর্বের টুইটার)-এ এক পোস্টে তিনি লিখেছেন: “অজিতকে তার পরিবার প্রচুর আশা নিয়ে বিদেশে পড়তে পাঠিয়েছিল। অজিতের দেহ নদীতে পাওয়ার খবরটি অত্যন্ত মর্মান্তিক। সন্দেহজনক পরিস্থিতিতে আমরা এক প্রতিশ্রুতিমান তরুণকে হারালাম।” তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানান। জিতেন্দ্র সিং জানান, এই সন্দেহজনক ঘটনার সম্পূর্ণ গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত এবং পরিবারের যাতে আর সরকারি দপ্তরে ঘুরতে না হয়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া আবশ্যক। তিনি বিদেশমন্ত্রীর কাছে দ্রুত অজিতের দেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন।

