করণদীঘি: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) মুখে উত্তরবঙ্গের মাটি থেকে তৃণমূল সরকারকে বেনজির আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বুধবার করণদীঘির (Karandighi) ভিখনপুর প্রাইমারি স্কুল মাঠের জনসভা থেকে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের সমর্থনে প্রচার করতে এসে একদিকে যেমন দুর্নীতির অভিযোগে সরব হলেন তিনি, তেমনই উত্তরবঙ্গের আবেগকে ছুঁতে দিলেন একগুচ্ছ বড় প্রতিশ্রুতি।
রাজনাথ সিং এদিন তৃণমূল (TMC) সরকারকে ‘টোটাল মিস-করাপশন’ সরকার বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি জেঁকে বসেছে।” দাড়িভিটের স্মৃতি উসকে দিয়ে তিনি অভিযোগ করেন, বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে রাজেশ ও তাপসকে প্রাণ দিতে হয়েছে। তৃণমূলের জমানায় অনুপ্রবেশকারীরা ‘আপন’ আর বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ হয়ে পড়েছে বলেও তিনি তোপ দাগেন।


উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাজনাথ সিং আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলভুক্ত করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গে একটি ‘এইমস’ (AIIMS) তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে কোনো তৃণমূল নেতা সাধারণ মানুষকে চোখ রাঙাতে পারবে না এবং কাটমানিখোরদের বাংলা ছাড়তে হবে। বাঙালি মনন ছুঁতে তিনি মনে করিয়ে দেন, মোদি সরকারই প্রণব মুখোপাধ্যায়কে ‘ভারত রত্ন’ এবং বাংলার নয়জনকে ‘পদ্মভূষণ’ দিয়েছে। বিরোধী শিবির ভিড় নিয়ে কটাক্ষ করলেও, রাজনাথের এই সফর উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণকে বেশ তপ্ত করে তুলেছে।

