উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনের (Assembly Election 2026) জন্য পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করল ভারতীয় জনতা পার্টি (BJP)। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের একমাত্র প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha)। বিধানসভা নির্বাচনের আগে অভিজ্ঞ এই নেতাকে উচ্চকক্ষে পাঠানো বিজেপির বড় কৌশলগত চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার থেকে নীতিন নবীন ও শিবেশ কুমার, অসম থেকে তেরাশ গোয়ালা ও যোগেন মোহন এবং ওড়িশা থেকে মনমোহন সামল ও সুজিত কুমারকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়া ছত্তিশগড় থেকে লক্ষ্মী বর্মা এবং হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পাঁচটি খালি হতে চলা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসও তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে। তৃণমূলের তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসনিক ও বিনোদন জগতের সমন্বয় ঘটানো হয়েছে। শাসকদলের হয়ে উচ্চকক্ষে যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী।
তৃণমূলের এই তালিকায় প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমার এবং আইনি বিশেষজ্ঞ মেনকা গুরুস্বামীর অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক ও আইনি লড়াইয়ে দিল্লিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতেই যে জোড়াফুল শিবিরের এই সিদ্ধান্ত, তা স্পষ্ট। আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যসভার এই প্রার্থী নির্বাচন দুই প্রধান শিবিরের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

