উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর ‘ডন’ হিসেবে রণবীর সিংহকে (Ranveer Singh), দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। কেন মাঝপথে কাজ ছেড়ে দিলেন রণবীর? অবশেষে সামনে এল সেই আসল কারণ। মূলত ছবির ঘরানা এবং চরিত্রের আগ্রাসন নিয়ে পরিচালক ফরহান আখতারের সঙ্গে মতবিরোধই এই বিচ্ছেদের মূলে।
এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, রণবীর সিংহ চেয়েছিলেন ‘ডন ৩’-তে (Don 3) বর্তমান সময়ের জনপ্রিয় ট্রেন্ড মেনে প্রচুর হিংসা, রক্তারক্তি এবং অপশব্দের ব্যবহার থাকুক। সম্প্রতি তাঁর অভিনীত ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। সেই ছবির ধাঁচেই ‘ডন’ চরিত্রটিকে আরও হিংস্র ও আগ্রাসী হিসেবে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন রণবীর। তাঁর ধারণা ছিল, বর্তমানের দর্শক এমন ‘ডার্ক’ চরিত্রই বেশি পছন্দ করছেন।


রণবীরের এই দাবিতে সায় দেননি পরিচালক ফরহান আখতার (Farhan Akhtar)। তাঁর মতে, ‘ডন’ একটি মার্জিত ও বুদ্ধিদীপ্ত অপরাধীর চরিত্র। অতীতে অমিতাভ বচ্চন বা শাহরুখ খান কেউই এই চরিত্রে অভিনয়ের জন্য গালিগালাজ বা অহেতুক হিংসার আশ্রয় নেননি। ফরহান চেয়েছিলেন পুরোনো সেই আভিজাত্য বজায় রেখেই ‘ডন ৩’ তৈরি করতে। ছবির মূল বৈশিষ্ট্য বদলে ফেলতে তিনি রাজি ছিলেন না।
এই শৈল্পিক মতান্তরের কারণেই ছবি থেকে সরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন রণবীর। তবে ততদিনে ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে, কাজ মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রণবীরের কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বরে ‘ধুরন্ধর’ এবং ২০২৬-এর মার্চে এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার পর রণবীর এখন বক্স অফিসের অন্যতম শক্তিশালী নাম। কিন্তু ‘ডন’-এর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত সৃজনশীল মতভেদই জয়ী হলো।

