উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ এক দশক ধরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা নাদিম খান (Nadeem Khan)। ‘ধুরন্ধর’, ‘মিমি’, ‘বধ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করা এই অভিনেতার বিরুদ্ধে তাঁর গৃহপরিচারিকা থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মুম্বইয়ের মালওয়ানি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা পরিচারিকা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ১০ বছর ধরে নাদিম খান তাঁর ওপর লাগাতার যৌন নির্যাতন চালিয়েছেন (Sexual Assault Case)। অভিযোগকারিণীর দাবি, প্রতিবারই শারীরিক ঘনিষ্ঠতার আগে নাদিম তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিতেন। কিন্তু সহবাসের পর বিয়ের কথা তুললেই অভিনেতা তা এড়িয়ে যেতেন। এতদিন ভয়ের কারণে মুখ না খুললেও, পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।
পরিচারিকার অভিযোগ পাওয়ার পর মালওয়ানি থানার পুলিশ নাদিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং পরে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা রুজু হয়েছে।
নাদিম খান পর্দার পাশাপাশি নিয়মিত থিয়েটারও করতেন। ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার চরিত্রের রাঁধুনির ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি মেলেনি।

