উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিতর্কের মুখে নতিস্বীকার করে অবশেষে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেন জনপ্রিয় র্যাপার বাদশা (Badshah)। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত হরিয়ানভি গান ‘টাটিরি’-র (Tateeree Controversy) কথা এবং দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগে দেশজুড়ে যে নিন্দার ঝড় উঠেছিল, তার প্রেক্ষিতেই মঙ্গলবার নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী।
গত ১লা মার্চ মুক্তি পাওয়া এই গানটিতে স্কুলছাত্রীদের পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি এবং চটুল কথার মাধ্যমে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে দেখানোর অভিযোগ ওঠে। বিতর্ক এতটাই দানা বাঁধে যে, হরিয়ানা পুলিশ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গানটির ৮৫৭টি লিঙ্ক সরিয়ে দেয়। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও বাদশার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছিল।
মঙ্গলবার শুনানির সময় জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের উপস্থিতিতে বাদশা এবং তাঁর পুরো টিম লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো কন্টেন্ট বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যাতে এহেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই মর্মে বাদশাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে শুধু ক্ষমাপ্রার্থনা নয়, নিজের ভুল সংশোধনের জন্য এক অনন্য ‘পণ’ নিয়েছেন গায়ক। বাদশা কমিশনকে কথা দিয়েছেন যে, আগামী চার মাসের মধ্যে তিনি নারী ক্ষমতায়ন ও সমাজের ইতিবাচক বার্তা নিয়ে একটি নতুন গান উপহার দেবেন। অনুতপ্ত শিল্পী জানান, এখন থেকে তিনি নারী অধিকার ও সামাজিক উন্নয়নে সচেতন থেকে কাজ করবেন। বাদশার এই ‘প্রায়শ্চিত্তের’ প্রতিশ্রুতি এখন তাঁর অনুরাগীদের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

