উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘ইউরোপ হঠাৎ হামলা চালালে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত’, এমনই হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে বার বার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে ইউরোপের বিভিন্ন দেশ। তারা ভলোদিমির জেলেনস্কির পাশে থেকেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আজও না থামায় পুতিনকেই দায়ী করেছে তারা। ইউক্রেনকে অস্ত্র, জ্বালানির পাশাপাশি মানবিক সহায়তাও দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) নানা দেশ।
শান্তি আলোচনা নিয়ে বৈঠক বহুবার ভেস্তে গিয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য মস্কো সফরে এসেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মঙ্গলবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পুতিনের। তার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার কোনও ইচ্ছে নেই ইউরোপীয় দেশগুলির সঙ্গে যুদ্ধ করার। একথা আমি অন্তত একশোবার বলেছি। তবে ইউরোপ যদি আমাদের উপর হঠাৎ হামলা চালায় ও যুদ্ধ শুরু করে তবে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত।’
অন্যদিকে, বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের এক শীর্ষকর্তা ইউরি উশাকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আপসের কোনও জায়গা নেই। তবে আমেরিকার তরফে কিছু বিকল্প সমাধানের কথা বলা হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে।’

