উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কোথাও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (EVM) ওপর সাঁটানো হয়েছে সেলোটেপ বা ব্ল্যাকটেপ, আবার কোথাও যন্ত্রের ওপর মাখিয়ে দেওয়া হয়েছে আতর! শুধু তাই নয়, ভোটকেন্দ্রের গোপনীয়তা ভেঙে দেদার চলেছে মোবাইল ক্যামেরার ব্যবহার, তৈরি হয়েছে রিলস ভিডিও। গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথ থেকে এমনই চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে আসে। আর এই সমস্ত বেনিয়মের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার পর মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি নির্দিষ্ট বুথে আগামী ২ মে (শনিবার) পুনর্নির্বাচনের (Repoll) ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় দফার ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার প্রায় ৭৭টি বুথ থেকে ইভিএম বিকৃতি এবং অন্যান্য অশান্তির খবর আসতে শুরু করে। ফলতার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, মগরাহাটের ১৩টি এবং বজবজের ৩টি আসনে এই ধরনের অভিযোগ দায়ের হয়। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বৃহস্পতিবারই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেন।


দিল্লির নির্দেশ পাওয়া মাত্রই ডায়মন্ড হারবার, ফলতা এবং মগরাহাটের সন্দেহভাজন বুথগুলিতে কড়া স্ক্রুটিনি শুরু করেন সুব্রত গুপ্ত। সূত্রের খবর, স্ক্রুটিনি শেষে ৩২ থেকে ৩৬টি বুথে পুনর্নির্বাচনের একটি প্রস্তাবনা তৈরি করা হয় এবং শুক্রবার সকালেই সেই রিপোর্ট পৌঁছে যায় দিল্লির নির্বাচন সদনে। এরপরই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী শনিবার (২ মে) নিম্নলিখিত বুথগুলিতে কড়া নিরাপত্তায় ফের ভোটগ্রহণ হবে:
১৪২ নম্বর মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) বিধানসভার অন্তর্গত বুথগুলি:
- উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২)
- নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ এবং ২)
- দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১)
- ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২)
- একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ এবং ২)
- একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১)
- বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২ এবং ৩)
১৪৩ নম্বর ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার অন্তর্গত বুথগুলি:
- বাগদা জুনিয়র হাই স্কুল
- চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২)

