প্যারিস: চলতি প্যারিস অলিম্পিকে কুস্তি থেকে ভারতকে শুক্রবার পদক এনে দিয়েছিলেন আমন শেরাওয়াত। শনিবার সেই তালিকায় নাম তোলার স্বপ্ন তৈরি করেছিলেন রীতিকা হুডা। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেও মহিলাদের ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেন তিনি। শীর্ষবাছাই কিরগিজস্তানের আইপেরি মেদেত কিজির বিরুদ্ধে বাউটের ফল ১-১ থাকলেও টেকনিকাল স্কিলে হেরে যান ২১ বছরের রীতিকা।
প্রথম রাউন্ডের প্রথম দুই মিনিট উভয় কুস্তিগিরই সমানতালে পাল্লা দিয়েছিলেন। তবে রীতিকা ১-০ পয়েন্টে এগিয়ে বিরতিতে যান। দ্বিতীয় রাউন্ডের শুরুতে কিজি চাপ বাড়াতে থাকেন। কিন্তু রীতিকার ডিফেন্স টলাতে পারেননি। তবে ম্যাচের দুই মিনিট বাকি থাকতে রীতিকা বিপক্ষকে ‘প্যাসিভ’ পয়েন্ট উপহার দেন। এরপর কিজি টেকনিকাল অ্যাডভান্টেজ পেয়ে যাওয়ায় ম্যাচ হেরে যান রীতিকা। এর আগে রীতিকা টেকনিকাল সুপিরিয়রিটিতে ১২-২ পয়েন্টে হাঙ্গেরির ন্যাগি বার্নাডেটকে হারিয়ে শেষ আটে জায়গা করেছিলেন।



