উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে এখনও একদিনের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবছর অক্টোবর মাস নাগাদ অস্ট্রেলিয়া সফর রয়েছে ভারতীয় দলের। আর সেখানেই রোহিত ও বিরাটকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।
এব্যপারে অস্ট্রেলিয়া বোর্ডের সিইও টড গ্রিনবার্গ বলেন, এরপর আর হয়তো রোহিত ও কোহলিকে আমাদের দেশে খেলতে দেখতে পাব না। তবে যদি সেটা সত্যি হয় তাহলে আমরা ওদের জমকালো একটা বিদায় সংবর্ধনা দেবো। ক্রিকেটে ওদের দু’জনের অবদানকে সম্মান জানানো হবে।


এছাড়াও তিনি কোহলিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাব দিয়েছেন। এব্যাপারে বিসিসিআইকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন গ্রিনবার্গ। গ্রিনবার্গের সংযোজন, নিশ্চিত ভাবেই ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের কথা চালিয়ে যেতে হবে। কোহলিকে এই লিগে খেলতে দেখলে লিগের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে মুহূর্তে ব্যাপারটা সম্ভব নয়। তবে আমাদের এমন ইচ্ছা রয়েছে। শুধু কোহলি নয়, যদি ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটারেরা খেলতে চায় তাহলে তাঁদেরও সবসময় স্বাগত।
অস্ট্রেলিয়া সফরে ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচগুলি রয়েছে ২৩ ও ২৫ অক্টোবর। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন বিদায়ী সংবর্ধনা নিয়ে রোহিত ও বিরাট কী ভাবছেন তা এখনও জানা যায়নি।

