উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুরের মেনুতে রোজকার সেই একঘেয়ে মাছের ঝোল কি আর ভালো লাগছে না? অনেক সময় আবার ফ্রিজে দুই-তিন টুকরো মাছ পড়ে থাকে যা দিয়ে বাড়ির সকলের জন্য পর্যাপ্ত ঝোল বানানো সম্ভব হয় না। এই সমস্যার সমাধান হতে পারে ‘রুইয়ের পেঁয়াজি কালিয়া’। অল্প মাছ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু পদটি (Recipe)।
উপকরণ:


৪ পিস রুই মাছ (ছোট টুকরো করা)
ডুমো করে কাটা ২টি আলু
৪টি পেঁয়াজ (অর্ধেক ডুমো ও অর্ধেক ঝিরিঝিরি করা)
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ জিরে বাটা
১টি টমেটোকুচি
১ টেবিল চামচ করে হলুদ ও লংকাগুঁড়ো
১ টেবিল চামচ ঘি
১ চা চামচ গরমমশলা গুঁড়ো
স্বাদমতো নুন
সর্ষের তেল।
প্রণালী:
প্রথমে নুন-হলুদ মাখিয়ে মাছের ছোট টুকরোগুলি কড়া করে ভেজে তুলে রাখুন। এবার ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ লাল করে ভেজে (বেরেস্তা) আলাদা করে রাখুন। ওই তেলেই আলু ও ডুমো করে কাটা পেঁয়াজ ভেজে তুলে নিন। ৩. কড়াইতে আরও কিছুটা তেল গরম করে আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে কষাতে থাকুন। এরপর জিরে বাটা, হলুদ ও লংকাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা আলু, পেঁয়াজ ও মাছের টুকরোগুলি দিয়ে দিন। সামান্য জল দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না হতে দিন। সবশেষে উপর থেকে ঘি, গরমমশলা এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম ‘রুইয়ের পেঁয়াজি কালিয়া’।

