উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং দক্ষিণী ‘লেডি সুপারস্টার’ নয়নতারা এবার এক পর্দায় (Salman Khan-Nayanthara)। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল প্রযোজক দিল রাজুর (Dil Raju) নতুন অ্যাকশন এন্টারটেইনারের শুটিং। ছবিটির সাময়িক নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’ (SVC 63)। ভারতের দুই প্রান্তের দুই মেগাস্টারের এই যুগলবন্দি নিয়ে ইতিমধ্যেই বিনোদনজগতে উত্তেজনার পারদ তুঙ্গে।
সূত্রের খবর অনুযায়ী, পরিচালক ভামশি পাইডিপল্লীর (Vamshi Paidipally) এই ছবির প্রথম পর্যায়ের শুটিং শুরু হয়েছে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায়। এসআরপিএফ (SRPF) গ্রাউন্ডে একটি বিশাল সেট তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে। ছবির নির্মাতারা ২০২৬ সালের অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে প্রিন্সিপাল ফটোগ্রাফি শেষ করার লক্ষ্য নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ইদে বড় পর্দায় মুক্তি পাবে এই মেগা প্রজেক্ট।


পরিচালক হিসেবে ভামশি পাইডিপল্লী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সফল। ‘ইয়েভাদু’, ‘মহর্ষি’ কিংবা ‘বারিসু’-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া ভামশি এই প্রথম সলমনের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, নয়নতারাকে এই প্রজেক্টে স্বাগত জানিয়ে নির্মাতারা তাঁকে ‘ভার্সেটাইল কুইন’ হিসেবে অভিহিত করেছেন। শাহরুখ খানের পর এবার সলমনের সঙ্গে নয়নতারার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শক।

