উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান ঘটল। দক্ষিণি সিনেমার সুপারস্টার সামান্থা রুথ প্রভু পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। আড়ম্বরকে দূরে সরিয়ে একান্ত ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিবাহ।
গত ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টার-এর লিঙ্গ ভৈরবী মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা ও রাজ। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁরা ‘ভূতা শুদ্ধি বিবাহ’ (Bhuta Shuddhi Vivaha) নামে এক পবিত্র রীতিতে বিবাহ সম্পন্ন করেছেন। এই বিশেষ বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র নিকটাত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর সেটে রাজ ও সামান্থার ঘনিষ্ঠতা শুরু হয়, যেখানে সামান্থা এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও তাঁরা দুজনেই ব্যক্তিগত সম্পর্ককে ক্যামেরার আড়ালে রেখেছিলেন, তবে চলতি বছরের শুরুতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা বাড়তে থাকে। সামান্থার বিবাহ ঘোষণার পোস্টটি দ্রুতই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি ‘এনগেজড’ (engaged) পোষ্টগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। শুধু অনুরাগী মহল নয়, বলিউড থেকে হলিউড— বিশ্বজুড়ে তারকারা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন:প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, অনন্যা পান্ডে, আথিয়া শেঠি, জ্যাকলিন ফার্নান্দেজ, কাজল আগরওয়াল,তৃষা, কল্যাণী প্রিয়দর্শন, নাজরিয়া ফাহাদ, দিশা পাটানি, বরলক্ষ্মী শরৎকুমার, পার্বতী থিরুভোথু এবং লাভানিয়া ত্রিপাঠি। এই তালিকায় সবচেয়ে বড় চমক ছিল ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তিনি মন্তব্য করেছেন, ‘তোমাদের উভয়কেই শুভেচ্ছা জানাই।’

