উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার চর্চিত প্রেমিক তথা জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গে চুপিসারে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। এদিন সকাল থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বেলা বাড়তেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের খবরে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রীই। রাজের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা। যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন সামান্থা। তাতে দেখা যাচ্ছে, বিয়েতে অভিনেত্রী পরেছিলেন লাল রংয়ের বেনারসি। গলায় ছিল হার, কানে দুল। সামান্থার দু’হাত রাঙানো ছিল মেহেন্দিতে। সেই সঙ্গে হাতে পরেছিলেন চুড়ি-বালা। অন্যদিকে, রাজের পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি। সেই সঙ্গে ছিল আইভরি রংয়ের কোট। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সামান্থা ও রাজকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিনোদনজগতের তারকা থেকে শুরু করে অনুরাগীরা।
সূত্রের খবর, এদিন সকালেই তামিলনাডুর কোয়েম্বাটোরে (Coimbatore) লিঙ্গ ভৈরবী মন্দিরে (Linga Bhairavi Temple) চার হাত এক হয়েছে সামান্থা ও রাজের। মন্দিরটি রয়েছে ইশা ফাউন্ডেশনের অন্দরে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে ছিমছামভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। বিয়েতে শুধুমাত্র ৩০ জনই উপস্থিত ছিলেন। হিন্দু রীতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর।
View this post on Instagram
উল্লেখ্য, সামান্থা এবং রাজ উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। কিন্তু ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। গত বছরই নাগা ফের বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। অন্যদিকে, ২০১৫ সালে শ্যামলী দের সঙ্গে বিয়ে হয়েছিল রাজের। ২০২২ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়। ২০২৪ সাল থেকে সামান্থা ও রাজের প্রেমের গুঞ্জন শুরু হয়। যদিও সামান্থা বা রাজ কখনই তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। কিন্তু রাজের সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এবার সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় এই তারকা জুটি।

