উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে যখন বোলারদের কার্যত কচুকাটা করছিলেন ব্যাটাররা, তখন বল হাতে রুখে দাঁড়িয়েছিলেন কেবল একজন—জাসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন। কিন্তু পুরস্কার হাতে নিয়ে এক অনন্য নজির গড়লেন তিনি। নিজের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারটি বুমরাহকে উৎসর্গ করে সঞ্জু জানালেন, বুমরাহ না থাকলে আজ তিনি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেন না।
ব্যাটিং স্বর্গে বুমরাহ-র অবিশ্বাস্য স্পেল
এদিন ভারতের ছুঁড়ে দেওয়া ২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল। যেখানে অন্য বোলাররা ওভার প্রতি ১০-এর বেশি রান দিচ্ছিলেন, সেখানে জাসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বিশেষ করে ডেথ ওভারে তাঁর মাপা ইয়র্কার এবং স্লোয়ারে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটাররা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনয়ী সঞ্জু বলেন: “সব কৃতিত্ব বুমরাহ-র। ও একজন বিশ্বমানের বোলার এবং সত্যিকারের ‘ওয়ানস ইন আ জেনারেশন’ ট্যালেন্ট। আজ ও যা করে দেখিয়েছে তা অবিশ্বাস্য। আমার মতে, এই পুরস্কারটি ওরই পাওয়া উচিত ছিল।”
সঞ্জুর চওড়া ব্যাটে ভারতের পাহাড়প্রমাণ স্কোর
আগে ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড় গড়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর, এদিনও নিজের ফর্ম ধরে রাখলেন সঞ্জু। তাঁর ৮৯ রানের ইনিংসই ভারতকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করে। তবে সঞ্জুর মতে, বোলাররা যদি শেষ দিকে রুখে না দাঁড়াতেন, তবে এই রানের পুঁজি নিয়েও জেতা কঠিন হত। সঞ্জু যোগ করেন, “আমরা যদি ডেথ ওভারে ওইভাবে বোলিং না করতাম, তবে আমি আজ এখানে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে থাকতাম না। কঠিন পরিস্থিতিতে বোলাররা যেভাবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছে, তার প্রশংসা করতেই হয়।”

