উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর অবশেষে কারামুক্তি হতে চলেছে সারদাকর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen)। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করায় ১৩ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। এর আগে অন্যান্য সমস্ত মামলায় তিনি জামিন পেয়েছিলেন, তবে শেষ বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলা। এদিন সেই জটও কেটে যাওয়ায় বৃহস্পতিবারই তাঁর প্রেসিডেন্সি জেল থেকে বেরোনোর সম্ভাবনা তৈরি হয়েছে।
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে সহযোগী দেবযানী মুখোপাধ্যায়-সহ গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন। তারপর থেকে প্রায় ১২ বছর ১১ মাস তিনি শ্রীঘরেই ছিলেন। কাকতালীয়ভাবে, যখন সুদীপ্ত সেনের মুক্তির খবর আসছে, তখন রাজ্য বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই আবহে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে দূরত্ব বজায় রাখছেন একদা সারদা মিডিয়ার সিইও তথা বর্তমানের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ।
সুদীপ্ত সেনের জামিন প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “এটার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যে কোনও অভিযুক্তের অধিকার রয়েছে আদালতের কাছে জামিন চাওয়ার। সব শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করেছে, এটি সম্পূর্ণ আইনি বিষয়। এখানে অন্য কোনও মন্তব্য করার অবকাশ নেই।”
উল্লেখ্য, সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর সুদীপ্ত সেন ও কুণাল ঘোষের সম্পর্ক এক তিক্ত মোড় নিয়েছিল। ২০১৩ সালে গ্রেপ্তার হওয়ার পর কুণাল ঘোষ ৩৪ মাস জেলে ছিলেন এবং সেই সময় একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। ২০১৬ সালে জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় রাজনীতিতে সক্রিয় হন। অন্যদিকে, সুদীপ্ত সেন এতদিন জেলে থাকলেও বুধবারের পর তাঁর বাইরে আসার সমস্ত আইনি বাধা দূর হলো।

