উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১২ বছর ১১ মাস কারাবাসের পর অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেতে চলেছেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির (Sarada Scam) মূল হোতা সুদীপ্ত সেন (Sudipta Sen)। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করায় দীর্ঘ ১৩ বছরের আইনি টানাপোড়েনের অবসান ঘটল। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি সুদীপ্ত সেনের বিরুদ্ধে থাকা সমস্ত মামলাতেই জামিন মেলায় তাঁর মুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।
আদালত সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দায়ের করা ৭৬টি মামলায় সুদীপ্ত সেন আগেই জামিন পেয়েছিলেন। তবে বারাসাতের রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলার কারণে তিনি আটকে ছিলেন। এদিন সেই দুই মামলাতেও আদালত জামিন মঞ্জুর করেছে। যদিও জামিনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে হাইকোর্ট। আগামীকাল, বৃহস্পতিবারই তাঁর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায় কাশ্মীরের সোনমার্গে আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তাঁরা জেলেই ছিলেন। সুদীপ্ত সেনের এই মুক্তি এমন এক সময়ে ঘটছে যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই কারামুক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কারও জামিন হওয়া বা না হওয়া আইন-আদালতের বিষয়। আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে, তাই এটি নিয়ে আলাদা করে কোনো মন্তব্যের অবকাশ নেই।” তবে বিরোধীরা এই সময়কালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। সারদাকর্তার জেলের বাইরের জীবন নির্বাচনী সমীকরণে নতুন কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।

