কলকাতা: কুস্তির সঠিক নিয়ম আমি জানি না। কিন্তু একজন ক্রীড়াবিদ হিসেবে এটুকু বুঝি, কেউ কোনও প্রতিযোগিতার ফাইনালে যোগ্যতা অর্জন করলে অন্তত একটি পদক নিশ্চিত হয়। সেই হিসেবে অলিম্পিকের আসরে ভিনেশ ফোগটের অন্তত রুপো পাওয়া উচিত।
বক্তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচয় সবার জানা। আজ বিকেলের দিকে কলকাতার অদূরে রাজারহাটের এক শপিং মলে মহারাজ হাজির হয়েছিলেন বহুজাতিক তেল প্রস্তুতকারক সংস্থার ইলিশ উৎসবে। সেখানেই মহারাজ ভিনেশ নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। শচীন তেন্ডুলকার থেকে শুরু করে ভারতীয় ক্রীড়ামহলের একটি বড় অংশ যেমন ভিনেশের সমর্থনে সোচ্চার হয়েছেন, সৌরভও আজ সেই পথেই হেঁটেছেন। মহারাজের কথায়, ‘ফাইনালের আগের ইভেন্ট যদি স্পষ্টভাবে নিয়ম মেনে জিতে থাকে, তাহলে পদক না পাওয়ার কোনও কারণ দেখছি না। কুস্তির সঠিক নিয়ম আমার জানা নেই। কিন্তু বেসিক ধারণা হল, কুস্তির প্রতি ইভেন্টের আগে নিশ্চিতভাবেই ওজন করা হয় প্রতিযোগীদের। সেভাবেই ভিনেশ ফাইনালে পৌঁছেছিল। তাহলে সমস্যা হল কেন।’


কেন বাস্তবে এমন সমস্যা হল, ভিনেশ আদৌ প্যারিস অলিম্পিকের আসর থেকে কোনও পদক পাবেন কিনা, ১৩ অগাস্ট স্পষ্ট হয়ে যাবে। তার আগে মহারাজ আজ ভিনেশ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করার পাশে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া বনাম পাকিস্তানের আর্শাদ নাদিমের দুর্দান্ত লড়াইয়েরও প্রশংসা করেছেন। রুপো জয়ের পর নীরজের মা যেভাবে সোনাজয়ী আর্শাদকেও কাছে টেনে নিয়েছিলেন, সেই ঘটনাও হৃদয় ছুঁয়ে গিয়েছে মহারাজের। গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া নিয়ে আজ কোনও মন্তব্য করতে না চাইলেও আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালস নিয়ে মুখ খুলেছেন সৌরভ। রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ভারতীয় কোচ চাইছেন, সম্প্রতি রিকি পন্টিংয়ের এমন মন্তব্য প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘রিকির মন্তব্যটা আমি শুনেছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। দেখা যাক কী হয়।’

