শিলিগুড়ি: মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। এদিন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের (পকসো) বিচারক অনিতা মেহেত্রা মাথুর। এদিন শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তাঁরা। কান্নায় ভেঙে পড়েন নাবালিকার মা। সাজা ঘোষণার পর তিনি বলেন, “আমার মেয়ে বিচার পেল।”
২০২৩ সালের ২১ অগাস্ট মাটিগাড়ায় (Matigara) জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপর পরিচয় গোপন করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। ঘটনায় তোলপাড় পড়ে যায় সর্বত্র। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত।



