শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Sexual harassment | ছাত্রীকে যৌন হেনস্থা! অভিযুক্ত রানিগঞ্জের টিডিবি কলেজের প্রাক্তনী  

শেষ আপডেট:

রানিগঞ্জ: আরজি কর কাণ্ডের আবহেই এবার যৌন হেনস্তার ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া বা টিডিবি কলেজে। অভিযোগ, এই কলেজে কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীকে যৌন হেনস্তার করেছেন কলেজেরই এক প্রাক্তনী। এর পাশাপাশি ছাত্রীর কাছ থেকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রাক্তন ছাত্রের নাম শ্যাম পুরী। সে বেশ কয়েক বছর আগে বাণিজ্য বিভাগের পড়ুয়া ছিলো। পরে সে পাশ করে। কিন্তু তারপরেও তার কলেজে অবাধ যাতায়াত ছিল। গতকাল অর্থাৎ শনিবার সকাল ১০ টা নাগাদ কলেজে ভর্তির জন্য আসেন ছাত্রী। তাঁকে সহযোগিতার করার আশ্বাস দিয়ে শ্যাম নিয়ে যায় কলেজের দোতলায় একটি ফাঁকা জায়গায়। সেখানেই ছাত্রীকে যুবক যৌন হেনস্তা করে বলে অভিযোগ। এমনকী ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া হয় বলেও অভিযোগ।

এই ঘটনার পর নির্যাতিতা ছাত্রী বিষয়টি জানান পরিবারকে। পরিবারের লোকেরা এদিনই কলেজের টিচার ইনচার্জ মিলন মুখোপাধ্যায়ের কাছে গোটা ঘটনার কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রাক্তনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রানীগঞ্জ থানায়। এরপরই কলেজ কর্তৃপক্ষ জানায় কলেজ পরিচালন সমিতির সভাপতি রানিগঞ্জ বিধানসভার তৃনমুল কংগ্রেসের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়কে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার সত্যতা যাচাইয়ে কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক তাপস বন্দোপাধ্যায় যৌন হেনস্তার বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কলেজে বহিরাগত হিসেবে প্রাক্তনীদের অবাধ যাতায়াত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় অভিযুক্তর কঠিনতম শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। তাপসবাবু বলেন, “যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের মাথায় নিশ্চয়ই বড় কোনও নেতার হাত রয়েছে। কলেজে বহিরাগতদের যাতায়াত বন্ধ করার অনেক চেষ্টা করেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি।” সরাসরি না হলেও, তিনি নিজের দলের দিকে আঙুল তুলেছেন কলেজে বহিরাগতদের যাতায়াতের বিষয়ে। গোটা ঘটনাটি নিয়ে রানিগঞ্জ শহরের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া বা টিডিবি কলেজে ছাত্রীর যৌন হেনস্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের কঠোর সাজার দাবি জানিয়েছেন বিজেপির রানিগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি দেবজিৎ খাঁ ও এবিভিপির জেলা সম্পাদক  নীলাঞ্জন যাদব।  এসএফআই জেলা সম্পাদক সুদীপ কুড়ি এই ঘটনার অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, আরজি কর কাণ্ড সহ গোটা রাজ্যে যা চলছে তারই প্রতিফলন ঘটেছে রানিগঞ্জের টিডিবি কলেজে। রানিগঞ্জ সহ জেলার কলেজগুলো তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। পুলিশ প্রশাসনের মদতে নির্বাচন না করিয়ে টিএমসিপি ছাত্র সংসদ দখল করে তোলাবাজি, দুর্নীতি ও শ্লীলতাহানি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন এই এসএফআই নেতা।

শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ও অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছে অভিযুক্ত যেই হোক না কেন গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রাক্তনী।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Birbhum | তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত নানুর! বুথ সভাপতিকে খুনের অভিযোগ, জখম ৪

আশিস মণ্ডল, বোলপুর: তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষের জের। বুথ...