ঢাকাঃ পাকিস্তান-বধের ঐতিহাসিক দিন। যদিও খুশির দিনে জয়ের অন্যতম কারিগর সাকিব আল হাসানের রক্তচাপ বাড়ল। হত্যা মামলায় সাকিবকে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ ধরানো হয়েছে। দাবি, পাকিস্তান সফরের মাঝে তারকা অলরাউন্ডারকে দেশে ফিরিয়ে তদন্তের মুখোমুখি হতে হবে।
এখানেই শেষ নয়। সাকিবের ওপর নেমে আসতে পারে আইসিসি-র নিষেধাজ্ঞাও। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার নিয়ম-বিধি অনুযায়ী, ফৌজদারি মামলা চলাকালীন কোনও ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। সাকিবের বিরুদ্ধে ঢাকার স্থানীয় পুলিশ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে আইসিসি-র নিয়মে আটকে যেতে পারে সাকিবের খেলা।


সবমিলিয়ে সাকিবকে নিয়ে আশঙ্কার মেঘ। সূত্রের খবর, বিসিবি কর্তারা ৩০ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু দ্বিতীয় টেস্টের আগে তারকা অলরাউন্ডারকে দেশে ফেরানোর কথাও নাকি ভাবছেন। প্রসঙ্গত, প্রথম টেস্ট চলাকালীন জনৈক রফিকুল ইসলাম কোটা আন্দোলনের সময় তাঁর পুত্রের হত্যা নিয়ে থানায় অভিযোগ করেন। অভিযুক্তের ১৪৭ জনের তালিকায় সাকিবের নামও রয়েছে।

