কানপুর: অবসর নিয়ে বড় ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার অর্থাৎ কানপুর টেস্ট শুরুর ঠিক আগের দিন তিনি জানিয়েছেন, মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচটিই হবে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট। ঘরের মাঠে ২১ অক্টোবর থেকে শুরু হতে চলা সিরিজে সাকিব যদি কোনও কারণে সুযোগ না পান, সেক্ষেত্রে কানপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচটি হতে পারে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। একই সঙ্গে সাকিব আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের কথাও জানিয়ে দিয়েছেন এদিন। বাংলাদেশি তারকা জানান, গত টি-২০ বিশ্বকাপের আসরেই তিনি তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
সাকিব বলেছেন, ‘মীরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছা জানিয়েছি বিসিবিকে। ওঁরাও সম্মত হয়েছেন। আমি যাতে বাংলাদেশে ফিরতে পারি, সেজন্য ওঁরা সমস্তরকম চেষ্টা করে চলেছেন। আর যদি দেশে ফিরতে না পারি, তাহলে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্টই আমার শেষ ম্যাচ।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। সেটাই তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে টুর্নামেন্ট।


ফর্ম এবং আঙুলের চোট নিয়ে একদিকে জেরবার বাংলাদেশের অলরাউন্ডার। তার সঙ্গে মাথার ওপর ‘খুনের’ অভিযোগ, এফআইআরের চাপ। ভারত সফর শেষে দেশে ফিরলে, কী অপেক্ষা করে রয়েছে, তা নিয়ে আশঙ্কার মেঘ। বাংলাদেশের টিম সতীর্থ, বাংলাদেশ বোর্ড সাকিবের পাশে রয়েছে। আশাবাদী, দেশের মাটিতে হোম সিরিজে অংশ নিতে সমস্যা হবে না। খুনের অভিযোগে ১৪৭ জনের অভিযুক্তের তালিকায় সাকিব থাকলেও গ্রেপ্তারের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। তার আগে শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট।
আঙুলের চোটের কারণে কানপুরের প্রথম একাদশে আদৌ সাকিবকে দেখা যাবে কি না, তা নিয়েও চাপানউতোর। চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহর বলে আঙুলে চোট পান। ফলে বোলার সাকিবকে সেভাবে ব্যবহার করা যায়নি। দুই ইনিংস মিলিয়ে মোট ২১ ওভার বল করেন।
তবে কানপুরে পা রেখে সাকিবের ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত হেডকোচ চন্দিকা হাথুরুসিংঘের। গ্রিনপার্কে প্রথম প্র্যাকটিস সেশনের পর বলেছেন, ‘এখনও পর্যন্ত এরকম কোনও (সাকিব খেলতে পারবে না) খবর ফিজিওর থেকে আমি পাইনি। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের দল নির্বাচনে সাকিব অবশ্য বিবেচনায় রয়েছে।’ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার জানান, সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করবে টিম ম্যানেজমেন্ট।
হাথুরুসিংঘে বলেছেন, ‘ওর পারফরমেন্স নিয়ে চিন্তিত নই আমি। সাকিবের দক্ষতা সম্পর্কে আমরা সবাই অবহিত। মূল কথা দলগতভাবে আমাদের আরও ভালো খেলতে হবে। আমি নিশ্চিত সাকিবের মাথাতেও সেটাই ঘুরছে। আর বড় রান না পেলেও চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ও কিন্তু ভালো ব্যাটিং করেছিল।’

