উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ (Nonsane) ওরফে শমীক অধিকারীর (Shamik Adhikary) বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। নিজের দীর্ঘদিনের প্রেমিকাকে আটকে রেখে শারীরিক ও যৌন হেনস্তা (Sexual harassment) করার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই শমীকের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন নির্যাতিতা ওই তরুণী।
পুলিশি অভিযোগে ওই তরুণী দাবি করেছেন, গত ২ এবং ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রেখেছিলেন শমীক। অভিযোগকারিণীর দাবি, সেই বন্দি অবস্থায় তাঁর ওপর অমানবিক শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছে। তরুণীর বয়ান অনুযায়ী, শুধুমাত্র শারীরিক হেনস্তাই নয়, তাঁকে ফ্ল্যাটের ভেতর আটকে রেখে মানসিক ট্রমাও দেওয়া হয়েছে। বুধবার কোনওক্রমে সেই নরক থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোদ প্রেমিকার করা এই বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
এই ঘটনা সামনে আসতেই নিজের সপক্ষে মুখ খুলেছেন শমীক অধিকারী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। দু’দিন আগে আমাদের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়েছিল, যার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সম্পর্কে থাকা অবস্থায় ঘনিষ্ঠতা থাকলে তা তো সম্মতিক্রমেই হয়। কেন এই ধরণের মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তা বুঝতে পারছি না।’
এদিকে, শমীকের এই ব্যক্তিগত কেলেঙ্কারি এখন রাজনৈতিক রং নিতেও শুরু করেছে। সম্প্রতি শমীকের তৈরি শর্ট ভিডিও ‘বাটন’ রাজ্য সরকারের সমালোচনা করে ভাইরাল হয়েছিল। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এই প্রসঙ্গে শমীককে তীব্র আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগের স্ক্রিনশট শেয়ার করেছেন। কুণাল মনে করিয়ে দিয়েছেন যে, এই সেই শমীক যিনি সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে একটি ভিডিও করে দাবি করেছিলেন যে, এরাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, সরকারের অস্বস্তি বাড়াতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এই প্রতিভাবান তরুণের বিরুদ্ধে।

