উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিনের হেনান প্রদেশের বিশ্বখ্যাত শাওলিন মন্দির মানেই চোখের সামনে ভেসে ওঠে শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং কঠোর আধ্যাত্মিক সাধনার ছবি। কিন্তু এবার সেই মন্দিরের আঙিনায় দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। হিউম্যানয়েড রোবটরা এখন শাওলিন সন্ন্যাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন করছে কিংবদন্তি ‘শাওলিন কুংফু’।
Shaolin Temple has started practicing kung fu with robots.
— Science girl (@sciencegirl) February 5, 2026
শাওলিন মন্দিরের এই নতুন ‘ক্লাস’ বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা যাচ্ছে, রক্ত-মাংসের মানুষের মতোই নিপুণভাবে কুংফু-র জটিল সব মুদ্রা এবং কৌশল অনুকরণ করছে এই যন্ত্রমানবরা। একজন ছাত্র যেভাবে তার গুরুর কাছে শিক্ষা নেয়, ঠিক সেইভাবেই সন্ন্যাসীদের প্রতিটি মুভমেন্ট নিখুঁতভাবে ফুটিয়ে তুলছে তারা।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। রোবটিক্স প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “শাওলিন কুংফু রপ্ত করা মানুষের পক্ষেই অত্যন্ত কঠিন, সেখানে রোবটরা যেভাবে তা অনুকরণ করছে, তা সত্যিই অবিশ্বাস্য।” অন্য একজন একে ‘সেরা উদ্ভাবন’ বলে আখ্যা দিয়েছেন।
তবে প্রশংসার পাশাপাশি আশঙ্কাও দানা বাঁধছে। আধ্যাত্মিকতা এবং মানুষের দীর্ঘ সাধনার এই আঙিনায় যন্ত্রের প্রবেশ ভবিষ্যতে মানুষের জায়গা কতটা কেড়ে নেবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শতাব্দী প্রাচীন এই মার্শাল আর্ট কি তবে আগামী দিনে কেবল যান্ত্রিক কোডিংয়ের মাধ্যমেই সংরক্ষিত হবে? এই নিয়ে চলছে বিতর্ক।

