উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি কানাডায় একটি ক্যাফে খুলেছেন বিখ্যাত ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। আর উদ্বোধনের কয়েকদিনের মাথাতেই সেই ক্যাফেতে চলল গুলি। কমপক্ষে ৯ টি গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছেন খলিস্তানি সন্ত্রাসী হরজিৎ সিং লাড্ডি। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যাপস ক্যাফে নামক এই ক্যাফেটির মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসায় পা রেখেছেন কপিল। এই উদ্যোগে তাঁর সঙ্গে জড়িত রয়েছেন তাঁর স্ত্রী গিন্নি ছত্রথও। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফেটি কয়েকদিন আগেই উদ্বোধন করা হয়েছিল। তাঁর মধ্যেই ঘটে এই গুলি চালানোর ঘটনা। বুধবার রাতে (কানাডার সময়) ঘটা এই ঘটনাটি ক্যামেরাবন্দী হয়েছে। সেই ভিডিও ফুটেজে গাড়িতে বসে থাকা এক ব্যক্তিকে ক্যাফের জানালায় পরপর কমপক্ষে নয়টি গুলি চালাতে দেখা গিয়েছে।


ঘটনাপ্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন যে, লাড্ডি সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। তিনি বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কপিল শর্মার করা পূর্বের কোনও এক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন লাড্ডি। যার দরুন এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

